গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেন ওরফে মানিক ওরফে আঙ্গুরকে (৫৩) গ্রেপ্তার করেছে এসআরবির একটি যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে পলাশবাড়ী থানার ঢোলভাঙ্গা বাজার এলাকায় তামিম ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বগুড়ার ধুনট উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের আলতাব আলীর ছেলে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং এসআরবি-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আনোয়ার হোসেনের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা দুটি মামলা রয়েছে। মামলা দুটির মধ্যে কালিয়াকৈর থানার মামলা নং-৩৪ (১২) ২০, জিআর-৪৭২/২০ এবং মামলা নং-২৮ (০৯) ২১, জিআর-৪২৭/২১। এসব মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,'দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'
ভোরের আকাশ/সু.পা