ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভায় কয়লাখনি নিয়ে আলোচনা

দিনাজপুরের ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফুলবাড়ী কয়লাখনি নিয়ে চলমান বিতর্কের বিষয়টি তুলে ধরে এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী-পার্বতীপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সমাজসেবক এ.জেড.এম রেজওয়ানুল হক।
সভায় সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক বলেন, কয়লাখনি নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু খনিকে ঘিরে বিতর্ক রয়েছে, বিষয়টি সরকারের কাছেও তুলে ধরবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট রয়েছে। এ পরিস্থিতিতে দেশের উন্নয়ন ও জ্বালানি ব্যবস্থাপনায় সরকারকে বিভিন্ন দিক বিবেচনা করে কাজ করতে হচ্ছে। দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মাদক যাতে কোনোভাবেই বিস্তার লাভ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।
সভায় ফুলবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে বিতর্ক রয়েছে। এ কারণে এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি রাখতে হবে। ফুলবাড়ীতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তাই যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে পুনর্বাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। তবে মাদক নির্মূলে যুবসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।
সভায় উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, নেসকোর আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম মো. সাব্বির, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহসিন আলীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফুলবাড়ী ২৯ বিজিবির নায়েক সুবেদার রমিজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা খাতুন, সংসদ সদস্যের প্রতিনিধি মো. শাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মানিক মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছা. রোখসানা খাতুন, এলুয়ারি ইউপি চেয়ারম্যান মো. নবীউল ইসলাম, বেতদিঘী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শামিম ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহীদ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা