মেঘনার চর ও সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

মেঘনা নদীর গতিপথ পরিবর্তন, নদীভাঙন ও নতুন চর জেগে ওঠার কারণে দীর্ঘদিন ধরে সৃষ্ট ভূমি ও প্রশাসনিক সীমানা জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
এ লক্ষ্যে বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার চার উপজেলার মধ্যবর্তী সীমানা বিরোধ নিষ্পত্তি এবং ভূমি রেকর্ডের অসংগতি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলার ভোলা সদর এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যবর্তী সীমানা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মেঘনা নদী ও এর শাখা নদীগুলোর গতিপথ পরিবর্তন, ভাঙনে পুরোনো মৌজা বিলীন হওয়া এবং নতুন চর জেগে ওঠার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলে আসছে। এর প্রভাব পড়ছে জমির মালিকানা নির্ধারণ, ভূমি রেকর্ড, খাজনা প্রদান, নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে। বিশেষ করে নদীভাঙনকবলিত ও চরাঞ্চলের বাসিন্দাদের এ কারণে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া তাঁর নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের ভূমি ও সীমানাসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন। তিনি দ্রুত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় সীমানা নির্ধারণের মাধ্যমে স্থানীয় মানুষের ভোগান্তি দূর করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মেঘনাবিধৌত এসব এলাকার সীমানা জটিলতা নিরসন করা গেলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ ক্ষেত্রে বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়সংগতভাবে দ্রুত সীমানা নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার মানুষ অনেক ক্ষেত্রে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে এ সমস্যার স্থায়ী সমাধান করা গেলে স্থানীয় মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সীমানা চিহ্নিত করার ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা এবং আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ বিষয়ে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব।
সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানও নদীকেন্দ্রিক এসব এলাকার সীমানা জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, সঠিক সীমানা নির্ধারণ করা গেলে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।
সভায় সীমানা নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান আইনগত প্রতিবন্ধকতা, ভূমি রেকর্ডের অসংগতি এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জরিপ বিভাগকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সীমানা নির্ধারণে কারিগরি কমিটি গঠন এবং পরবর্তী সভায় জরিপের তথ্য ও মানচিত্র উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রায়পুরসহ চার উপজেলার দীর্ঘদিনের ভূমি ও প্রশাসনিক সীমানা জটিলতা নিরসনের পথ তৈরি হবে। এতে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার মানুষের ভূমিসংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করা সহজ হবে।
ভোরের আকাশ/রই