মাদারীপুরে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে মাদারীপুরের ডাসার থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তাব্যবস্থা তদারকি করেছেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি ডাসার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আয়োজক ও স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলাজুড়ে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আওতায় পূজামণ্ডপগুলোতে পুলিশ ও মোবাইল টিমের টহল জোরদার, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মণ্ডপে বিশেষ নজরদারি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধেও কার্যকর নজরদারি অব্যাহত রয়েছে।
প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে।
পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে, ডাসার উপজেলার নবগ্রামের একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ আনিসুর রহমান খোকন তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান মাহমুদ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সবার সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় শারদীয় দুর্গোৎসব নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশ বদ্ধপরিকর।
ভোরের আকাশ/জেআ