ডিমলায় তিস্তা নদী থেকে উত্তোলিত ২৫ হাজার সিএফটি পাথর জব্দ

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট (সিএফটি) পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। এ সময় পাথর ভাঙার পাঁচটি মেশিন জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর মজুতের সাতটি স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ হাজার সিএফটি পাথর জব্দ করা হয়। এ ছাড়া পাথর ভাঙার কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন জব্দ এবং অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় প্রায় ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক আটক করা হয়।
অভিযানে ডিমলা থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জেআ