শিবচরে সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভা

মাদারীপুরের শিবচরে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় লিঙ্গভিত্তিক প্রথাগত ধারণা (জেন্ডার স্টেরিওটাইপস), ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধিবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কিংডম অব দ্য নেদারল্যান্ডসের অর্থায়নে এবং ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর আয়োজনে শিবচর উপজেলা প্রশাসনের ময়নাকাটা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস মোহনা। তিনি নারী-পুরুষের সমতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তরুণদের ইতিবাচক ভূমিকা নিয়ে উপস্থিত বিভিন্ন পেশার নারী ও পুরুষের সঙ্গে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নারীদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক বৈষম্য ও নেতিবাচক ধারণা দূর করে নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ জন্য ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা এবং সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করতে হবে।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভিডিএস ও জাগো ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই