রামগতিতে বিএনপি-জেএসডিসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের জামায়াতে যোগদান

লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ মাস উপলক্ষে দাওয়াতী সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরসীতা এলাকার ভাই ভাই কমিউনিটি সেন্টারে রামগতি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, রামগতি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী মুর্তুজা, কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, অ্যাডভোকেট আতিক উল্যাহ, সাবেক আমীর অধ্যাপক মিজানুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহমদ এবং বড়খেরী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ ফয়সাল।
এ সময় নবযোগদানকারী চরসীতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মেহেরাজ মোল্লা ও চর আবদুল্লাহ ইউনিয়নের মো. জহির উদ্দিনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজ উল্লাহ বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি দাবি করেন, নির্বাচনের কয়েক মাসের মধ্যেই বিএনপির প্রতি সাধারণ মানুষের অসন্তোষ তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, দেশের দ্রব্যমূল্য, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মধ্যে থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আবদুজ জাহের মোল্লা, মুরাদ মোল্লা, মিল্লাত হোসেন, জামাল উদ্দিনসহ বিএনপি, জেএসডি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।
ভোরের আকাশ/ ইউএম