মুকসুদপুরে বসত ঘরে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে দুটি পরিবারের বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরে ঢুকে প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে এমন অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে কোনো একসময় লিয়াকত আলী খান ও শাহাদত শেখ এর বসত ঘরে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত লিয়াকত আলী খান জানান, আমার পুরাতন গ্রামের বাড়ি ননীক্ষীর এলাকায় দোয়া মিলাদ এর অনুষ্ঠানে আমাদের পরিবারের লোকজন নিয়ে ছিলাম।
চোরের দল দারজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারীর তালা ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার-বিদেশি হাত ঘড়ি ও নগদ টাকা নিয়ে যায়।
এর মধ্যে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ টাকা রয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত শাহাদত শেখের বাড়িতে একই সময় চুরির ঘটনা ঘটেছে, এ সময় প্রায় এক ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা এবং তার দোকানের সিগারেট চুরি হয়েছে বলে জানা যায়।
জলিরপাড় গ্রামের শাহাদত শেখ জানান, আমাদের পরিবারের লোকজন নিয়ে আমি মিলাদের একটি অনুষ্ঠানে যাই, ওখান থেকে ফিরে দেখি আমার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘরের ভিতরের ওয়ারড্রব ভেঙে দশ আনা স্বর্ণের কানের দুল ও আমার দোকানের ৩০ হাজার টাকার সিগারেট এবং নগদ বিশ হাজার টাকা চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে, মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভোরের আকাশ/ এনউব