ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর এলাকার আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার সন্তোষ শব্দকরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাস বা পিকআপের অন্য কোনো যাত্রী হতাহত হননি।
দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
ভোরের আকাশ/রই