নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে শেরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করতে মাঠে থাকবে।
সমাবেশে জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র