চট্টগ্রাম বন্দর থেকে জাল কাগজে কন্টেইনার বের করার অভিযোগ

চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে পণ্যভর্তি একটি কন্টেইনার বের করে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। জাল নথি ও স্বাক্ষর ব্যবহার করে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কন্টেইনারটি বের করে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়ার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রামের মো. মোর্শেদ আলম (৩১) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো. সাইদুর রহমান (৫১)।
পুলিশের তথ্যমতে, গত ১১ আগস্ট সন্ধ্যা ৬টা ৭ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের কার্যালয়ের এফসিএল শাখায় এ জালিয়াতির ঘটনা ঘটে। সেখানে থাকা অভিযুক্তরা কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে প্রতারণার মাধ্যমে কন্টেইনারটি বের করার পরিকল্পনা করে। অভিযোগ রয়েছে, এ সময় বিভিন্ন নথি ও স্বাক্ষর নকল করে ‘অন-ডেট’ ও ‘অন-চেসিস’ অ্যাসাইনমেন্টের জাল কপি তৈরি করা হয়। পরে এসব নথিকে আসল কাগজপত্র হিসেবে ব্যবহার করে পণ্যভর্তি কন্টেইনারটি বন্দরের ১ নম্বর গেট দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর এ বিষয়ে চট্টগ্রাম বন্দর থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালিয়ে টার্মিনাল ম্যানেজারের কার্যালয়ের সামনে থেকে মোর্শেদ আলম ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, নথি ও স্বাক্ষর জাল করে বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পণ্যভর্তি কন্টেইনার বের করে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সময় অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় জালিয়াতির মাধ্যমে কন্টেইনারটি বন্দর থেকে বের করে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কারা জড়িত এবং তাদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব