গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে ইমাদ পরিবহনের একটি বাস থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর নামক এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত সাব্বির খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।
জানা যায়, আহত সাব্বির খান ঝালকাঠির রাজাপুরে তার গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে আজ বিকেল পাঁচটায় ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহন নামে একটি বাসে পিরোজপুররের উদ্দেশ্যে রওনা হন। রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাত গ্রাম নামক এলাকার মাঝামাঝি স্থানে বাস থামিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে কয়েকজন তার মোবাইল ফোন তল্লাশি করেন। এসময় তার মোবাইলে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়ীত্বে থাকার সম্পৃক্ততা পাওয়ায় তাকে তুলে নেয়া হয়। পরে তাকে ছাত্রদল করার অপরাধে শারিরিক ভাবে নির্যাতন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে লাঠিসোঁটা হাতে প্রায় ২০ জনের একটি দল তাকে আটকে রেখে নিজের ফেসবুক আইডি থেকে জোরপূর্বক বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করেন। সেই বক্তব্যের ভিডিয়ো ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়। পরে সেখান থেকে পালিয়ে তিনি অন্য একটি বাসে করে রাত সাড়ে বারোটার দিকে পিরোজপুর পৌঁছায়। পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাকে সি অফিস চত্ত্বর থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
সাব্বির খান অভিযোগ করে বলেন, ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে কয়েকজন তাকে বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।সাব্বির আরও বলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার নিজের ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে জোরপূর্বক গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেই বক্তব্যের ভিডিয়ো ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, গোপালগঞ্জে বাস থামিয়ে সাব্বির খানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। গোপালগঞ্জের এই আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে পিরোজপুর জেলা ছাত্রদল সব সময় প্রস্তুত আছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিয়ো কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজ খবর নেন। পাশাপাশি তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা এবং জেলা ছাত্রদলের নেতদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
ভোরের আকাশ/ এনউব