বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হোসেন ।
মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানের নানা বিষয় নিয়ে প্রকল্প তৈরি করে শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল অপারেশন স্যাডো-১২৯ ড্রোন, স্মার্ট সোলার হাউজ, ভূমিকম্প সহনশীল দালান, স্মার্ট ফায়ার রেসকিউ হাউজ, প্রাকৃতিক ভারসাম্য, হোমমেড এয়ারকুলারসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবন।
অতিথিরা শিক্ষার্থীদের তৈরি প্রকল্প দেখে তাদের সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রশংসা করেন। তাঁরা বলেন, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল বাড়ানোর পাশাপাশি অনুসন্ধান ও উদ্ভাবনের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউস।
ভোরের আকাশ/সু.পা