ফরিদপুরে অম্বিকাপুর মহাশ্মশানে জন্মাষ্টমী-রাধাষ্টমীর ধর্মীয় অনুষ্ঠান

ফরিদপুরের অম্বিকাপুর মহাশ্মশানে শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও রাধাষ্টমী উপলক্ষে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে।
এর অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) উৎসবের সপ্তম দিনে শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন বন্ধু কিশোর ব্রহ্মচারী। পরে পদাবলী কীর্তন পরিবেশন করেন যশোরের হরিরামপুরের কৃষ্ণা পাল। এছাড়া পরবর্তী পর্বে দেহতত্ত্বভিত্তিক গান পরিবেশন করেন বাউলশিল্পী লাইলী বেগম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরীজ। তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করে বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে আসছেন।
তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ধরনের আয়োজন প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তব্যে তিনি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ সময় বেনজির আহমেদ তাবরীজ আগামী পৌরসভা বা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান। এ জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
ধর্মীয় এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ