কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।
এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজারের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য আলামত কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম