জামায়েতে ইসলামীর নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু যারা কখনো এ দেশের ভালো কিছু সহ্য করতে পারেনি সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। সন্ত্রস করে সাধারণ মানুষের ক্ষতি করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজিত সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ৩১শে ডিসেম্বর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এমন খবর শোনার পর ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে।
আজ আমরা শঙ্কিত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে আসার খবর শুনে বিরোধী দলের আসনে বসা জামায়াতে ইসলামীর নেতারা ডিসেম্বরের মধ্যে সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিয়ে স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন।
আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই পরিকল্পিত জনগণের উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবো।
আমরা প্রশাসনকে উদাত্ত আহবান জানাতে চাই নিষিদ্ধ ঘোষিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা যদি আইনি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন। তবে আমরা প্রয়োজনে দেশকে রক্ষা করার স্বার্থে জামালপুরের শান্তির স্বার্থে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমরা সেই জায়গায় যেতে চাই না।
সোমবার(২১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজনে শহরের গেইটপাড় এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সন্ধ্যায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যরা বক্তব্য রাখেন।
ভোরের আকাশ/ এনউব