আমন্ত্রণ না পাওয়ায় দিরাইয়ে শ্রেষ্ঠ দুই শিক্ষকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন

সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত দুই শিক্ষক। আমন্ত্রণ না পাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হননি দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত মো. রফিকুল ইসলাম তালুকদার এবং কলেজটির ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক সন্দীপন দাস।
সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার এবারের প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হন দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় দিরাই সরকারি ডিগ্রি কলেজ। অন্যদিকে, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সন্দীপন দাস।
অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমাকে প্রাতিষ্ঠানিকভাবে কোনো চিঠি কিংবা ফোন করে আমন্ত্রণ জানানো হয়নি। তাই অনুষ্ঠানে যাইনি। শ্রেষ্ঠ শিক্ষক সন্দীপন দাস বলেন, আমি মনে করি, এটি আয়োজকদের ব্যর্থতা। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি, পুরস্কার দেওয়া হবে, অথচ অনুষ্ঠানের দিন-ক্ষণ আমাকে জানানো হয়নি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ বলেন, আমি চারটি উপজেলার দায়িত্বে আছি। এখানে নতুন এসেছি। সবার মোবাইল নম্বর আমার কাছে ছিল না। আমাদের সব প্রতিষ্ঠানের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখানে আমন্ত্রণ জানিয়েছিলাম।
তিনি আরও বলেন, স্বীকার করছি, এখানে আমাদের ত্রুটি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সচেষ্ট থাকব।
ভোরের আকাশ/ এনউব