গাইবান্ধায় শিশু ধর্ষণে অভিযুক্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ মামলার প্রধান আসামি রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতারকৃত আসামি রিফাত মিয়া পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের আজাদুল মিয়ার ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, গত ৪ এপ্রিল সন্ধ্যার দিকে ছাত্রীটি পাশের একটি বাড়িতে গরুর দুধ সংগ্রহ করে বাড়ি ফিরছিলো। এসময় রিফাত মিয়া ওই শিশুকে একা পেয়ে তার মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
গত ৫ এপ্রিল রিফাত মিয়াকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের হয়। তখন থেকে আসামি রিফাত মিয়া আত্নগোপনে থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার এক পর্যায়ে ৩০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩ এবং সদর কোম্পানি, র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কায়েমপুর মোল্লাবাড়ী এলাকা থেকে আসামি মোঃ রিফাত মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ