টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যে গোপালগঞ্জে একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এদিকে দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়
অন্যদিকে, রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত। তবে কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই মোসলেম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ভোরের আকাশ/এনএস