চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে অমি ঢালী (১৯) ও কিশোর চন্দ্র দাস (১৭) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের মাছের হ্যাচারি সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অমি পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে এবং কিশোর চন্দ্র একই এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে। অমি পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস চলতি বছর বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল নিয়ে দুই যুবক এলাকা থেকে চৌরাস্তা হয়ে চাঁদপুর শহরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে পিকআপভ্যানটি হাইমচরে যাওয়ার সময় ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই যুবক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আনিছুর রহমান মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনা কবলিত এলাকাটি বাঁক থাকায় খুবই ঝুঁকিপূর্ণ। প্রায়ই এই স্থানে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত দুই শিক্ষার্থীর সুরতহাল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/মো.আ.