নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. সাহাজান আলী ওরফে বাবুকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জসহ রংপুর, পীরগঞ্জ ও মিঠাপুকুর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সাহাজান আলী ওরফে বাবু নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাজান আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং পুলিশের নথিতে তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জ, রংপুর, পীরগঞ্জ ও মিঠাপুকুর থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
ওসি আরও জানান, সাহাজান আলী এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। থানায় যোগদানের পর অপরাধ দমনে অভিযান জোরদার করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা