জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাসদের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)। একই কর্মসূচি থেকে দেশব্যাপী সার সংকট নিরসন, বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল এবং হাম-ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলটির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ একের পর এক সংকট ও ব্যয়ের চাপে পড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ফলে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় বাড়ছে চাপ।
তারা বলেন, কৃষি মৌসুমে প্রয়োজনের সময় অনেক কৃষক পর্যাপ্ত সার পাচ্ছেন না। সার সংকট ও অনিয়মের কারণে কৃষকের উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকের উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে। তাই অবিলম্বে সার সংকটের স্থায়ী সমাধান এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়েও সাধারণ মানুষের মধ্যে নানা অভিযোগ ও ভোগান্তি রয়েছে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করতে হবে।
হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, রোগ প্রতিরোধে শুধু তাৎক্ষণিক উদ্যোগ নয়, কার্যকর ও নিয়মিত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নিয়মিত মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ওপর একের পর এক ব্যয়ের বোঝা চাপিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দুর্বলতা ও অদক্ষতার দায় সাধারণ মানুষকে বহন করানো কোনোভাবেই কাম্য নয়। সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সদস্য গোলাম সাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিকাসহ অন্যান্য নেতাকর্মী।
ভোরের আকাশ/আ.র