আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইলে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে শহরের মুচিরপোল এলাকা থেকে বিশাল এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক যুগ্ন সম্পাদক মো. আলী হাসান, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, সদস্যসচিব আনিসুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব আল মামুন গাজী, ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফরিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে চলেছে।
দেশ বিরোধী এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে কেউ মদদ দিলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান বক্তারা।
ভোরের আকাশ/ ইউএম