নেছারাবাদে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মোঃ এলাহী আজাদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৮ (এসআরবি-৮), বরিশাল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নেছারাবাদ থানাধীন পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ এলাহী আজাদ নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মৃত আঃ মান্নান ও মৃত সাহেরা বেগমের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর কোম্পানি, র্যাব-৮-এর একটি টহল দল নিয়মিত ডিউটি পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় চলছে। সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এলাহী আজাদকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ জানায়, মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে অপরাধ দমন ও মাদকবিরোধী এ ধরনের অভিযান এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ ইউএম