গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা বাগেরহাট জেলায় মংলা যাচ্ছিলেন। এসময় পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালে সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পিছনে সজোড়ে ধাক্কা মারে। এতে পিকআপের ওপর থেকে ছিটকে সড়কে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবাইদুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ভোরের আকাশ/রই