দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেম ও পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত মাটিয়াপুর গ্রামের, জাকারিয়া(১৮), রিপা বেগম(১৯), মাহি সর্দার(২০) ও হলিমপুর গ্রামের, গিয়াস উদ্দিন(৬৩), রহিম উদ্দিন(৭৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আফতাব আলীর ছেলের সাথে প্রতিবেশী হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মাটিয়াপুর গ্রামের রমজান আলীর সঙ্গে হলিমপুরের ওই কিশোরী মেয়ে পালিয়ে যায়। পরদিন বুধবার দুপুরে হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের উভয় পক্ষের স্বজন ও স্থানীয় মুরব্বিরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের লক্ষ্যে বিয়ের প্রস্তুতি ও আলোচনার জন্য একসঙ্গে বসেন। বৈঠক চলাকালীন বিয়ের কাবিনের টাকার পরিমাণ নির্ধারণ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ এনউব