বড়দিয়ার নদীভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণে সাংসদ জাহাঙ্গীর আলমের অনুদান

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক উদ্যোগ নিতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৪ লাখ টাকা দিয়ে প্রকল্প তৈরি করে কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন তিনি।
পাশাপাশি বড়দিয়া বাজার রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীর মোহনায় বালু উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন এই সংসদ সদস্য।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, নদীভাঙনের খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলেছেন। তবে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বাজেট না থাকায় ব্যক্তিগত তহবিল থেকে ৪ লাখ টাকা দিয়ে প্রকল্প তৈরি করে কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, বড়দিয়া বাজার রক্ষায় বাজারসংলগ্ন তিন নদীর মোহনায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভবিষ্যতে ওই এলাকা ইজারা না দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া খুব শিগগিরই বড়দিয়া বাজার থেকে ফেরিঘাটের দক্ষিণ পর্যন্ত ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলের উন্নয়নে ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বরাদ্দের আওতায় উন্নয়নকাজ সম্পন্ন হলে জেলার রাস্তাঘাটের বেহাল দশা থাকবে না।
পরে তিনি বড়দিয়া বাজার মন্দির ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। এ সময় সড়কগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর দুপুর থেকে বড়দিয়া বাজার এলাকায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়। এতে ৮ থেকে ১০টি চায়ের দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ভোরের আকাশ/সু.পা