ডিসেম্বর ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাহিনীটি। পাশাপাশি রাতের টহলে ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সার্চলাইট। প্রয়োজনে নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে ড্রোনও।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বিওপির পাতলাবন সীমান্ত এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
তিনি জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় মানব পাচারের শিকার ৯ জন পুরুষ ও ২ জন নারীকে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া গত এক বছরে বিভিন্ন অভিযানে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮ পিস ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ ও ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত সহযোগিতায় পেশাদারত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছে ৩১ বিজিবি।
এসময় সংবাদ সম্মেলনে মধ্যনগর, কলমাকান্দাসহ নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব