নড়াইলে পুলিশের ওপর হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তাঁর ভাই নয়ন শেখ (২২)। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পরে গ্রেপ্তার দুজনকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন শেখ একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করতে পুটিমারী এলাকায় অভিযান চালান নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও এসআই হাসান।
এ সময় এসকেন শেখ, তাঁর ভাই নয়ন, বাবা বাবলু শেখসহ তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এসকেনকে ছিনিয়ে নেন। হামলায় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠির আঘাত লাগে। পরে আহত পুলিশ কর্মকর্তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করা হলেও এসকেন শেখসহ তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান।
এ ঘটনায় পরে নড়াগাতী থানায় মামলা করা হয়। মামলায় এসকেন শেখসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এসকেন শেখ ও তাঁর ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/জেআ