পলাশবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক ১
গাইবান্ধার পলাশবাড়ীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকিল (৩২)কে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল উপজেলার ভবানিপুরে এক বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযুক্ত ধর্ষক শাকিল একই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩ টার দিকে অভিযুক্ত ধর্ষক একই গ্রামের ৬ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। পরবর্তীতে দিবাগত রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিকে ও সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়। অভিযুক্ত ধর্ষক শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গাইবান্ধা সেনা ক্যাম্প কমান্ডার জানান, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। সেনাবাহিনীকে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
ভোরের আকাশ/তা.কা