খেলাধুলার প্রসারে সৈয়দপুরে ৭৯ স্কুলে ক্রীড়া উপকরণ বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে খেলার সামগ্রী ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
রোববার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ছোট গোলবার, নেট, ফুটবল এবং অন্যান্য প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি এখন একটি সম্ভাবনাময় পেশাও। তিনি বলেন, বিশ্ব ফুটবলে লিওনেল মেসির অসাধারণ সাফল্য আর্জেন্টিনাকে নতুনভাবে পরিচিত করেছে। ভবিষ্যতে সৈয়দপুর থেকেও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে এবং প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জনসহ স্থানীয় নেতারা।
এদিন এমপি বিলকিস ইসলাম উপজেলার খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া শহরের কয়া গোলাহাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ভোরের আকাশ/জেআ