সিএমপি চকবাজার থানায় এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার অহিদুর রহমান নামে এক এএসআই আত্মহত্যা করেছেন। রোববার (২৩ নভেম্বর) সকালে থানার ব্যারাকের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট বনিদত্ত বাজার এলাকার মো. শহিদুল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, 'রাতে ডিউটি করার পর টয়লেটে যান অহিদুর। পরে দীর্ঘক্ষণ বের না হওয়ায় অন্যরা দরজা খুলতে বলে। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখে তিনি গলায় ফাঁস দিয়েছেন।'
ওসি বলেন, 'মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
সিএমপি সূত্রে জানা গেছে, অহিদুর রহমান ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যুক্ত হন। গত দুমাস ধরে চকবাজার থানায় যোগ দেন। এর আগে তিনি বরিশালে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত ও তার দুই ছেলে এক মেয়ে রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.