মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ সংকট, ভোগান্তিতে রোগীরা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তীব্র ঔষধ সংকট দেখা দিয়েছে। সরকারি ঔষধ না পেয়ে প্রতিদিন খালি হাতে ফিরে যেতে হচ্ছে রোগীদের।
স্থানীয়রা জানান, কেন্দ্রটিতে জ্বর, ঠান্ডা, কাশি, গ্যাস, ব্যথার ঔষধ থেকে শুরু করে গর্ভবতী মায়েদের আয়রন, ক্যালসিয়াম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীরও সংকট চলছে। প্রেসক্রিপশন দেওয়া হলেও ঔষধ দেওয়া হচ্ছে না।
সেবা নিতে আসা এক ভুক্তভোগী বলেন, “আমরা গরিব মানুষ। বাইরে থেকে টাকা দিয়ে ঔষধ কেনার সামর্থ্য নাই। সরকারি কেন্দ্রে ঔষধ না থাকলে আমরা যাবো কোথায়?”
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা। অনেককে বাধ্য হয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ও পার্শ্ববর্তী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে, আবার অনেকে বিনা চিকিৎসায় বাড়ি ফিরছেন।
জলিরপাড় ইউনিয়নের বাসিন্দারা দ্রুত ঔষধ সরবরাহ নিশ্চিত করে ভোগান্তি দূর করার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
এবিষয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবির জানিয়েছেন, সারাদেশ ঔষধ সরবরাহ বন্ধ থাকার কারনে ঔষধ পাচ্ছে না, ডিসেম্বর বা জানুয়ারি থেকে ঔষধ সরবরাহ চালু হলে সবাই ঔষধ পাবে।
ভোরের আকাশ/রই