সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে উদ্ধার ৪ পিস্তল, ১৪ রাউন্ড গুলি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিদেশি ও দেশীয় পিস্তল, গুলি এবং চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জুলাই) রাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত এলাকায় সন্দেহভাজন চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে টহল দল তাদের ধাওয়া দেয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম নিয়ে টহল দল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা সেগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।
তিনি বলেন, আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় ৮ থেকে ১০ মিনিট গুলিবিনিময়ের পর চোরাকারবারিরা সীমান্তের দুর্গম এলাকা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বিজিবি সদস্য কিংবা চোরাকারবারিদের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ভোরের আকাশ/জেআ