ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড : নিহত ৬, আহত ২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় তারা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়ার শাহজাহান (৪০), একই উপজেলার রমজান (৩৮) ও জাহানারা (৫০) এবং তারাকান্দা উপজেলার বালিখার কুলসুমা (৩৫)। নিহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, লিফটের বৈদ্যুতিক মোটরের সেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ডা. মাইনুদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে ও চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা