কালীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৪৪টি পরিবারের মাঝে ৬৮ বান্ডেল ঢেউটিন ও ১ লাখ ৩২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তার অংশ হিসেবে এসব উপকরণ ও অর্থ দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সহায়তা বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ খালেকুজ্জামান বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাঁর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলনের সার্বিক তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. হারুন অর রশিদ দেওয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা