বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক চিকিৎসা নিচ্ছেন রংপুর মেডিকেলে

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া ভারতের আসাম রাজ্যের দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, আব্দুল আলিম ও ইসমাইল হাসান। বর্তমানে পুলিশি নিরাপত্তায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন তারা।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সীমান্তসংলগ্ন এলাকায় নদীতে আহত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন মাঝি। পরে তারা দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ তাদের হেফাজতে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রথমে হাসপাতালের মেঝেতে অবস্থান করলেও পরে পুলিশি নিরাপত্তায় তাদের বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে হাসপাতাল এলাকায় তাদের নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
আহত দুই ব্যক্তি নিজেদের ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার বাসিন্দা বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, গত ৪ অক্টোবর সীমান্তবর্তী এলাকায় নিজেদের গরুকে নদীতে গোসল করাচ্ছিলেন তারা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে নিয়ে যায়। তাদের অভিযোগ, তাদেরকে বাংলাদেশি বলে আর মারধর করে। তাদেকে মেরে ফেলার হুমকি দেয়া হয় যদি তারা বাংলাদেশে না যায়। আটকের পর বিএসএফ সদস্যরা তাদের মারধর করেন এবং গুলি করে গুরুতর আহত করেন। নিজেদের পরিচয় বারবার দেওয়ার পরও তাদের কথা শোনা হয়নি বলে দাবি করেন তারা। একপর্যায়ে মৃত ভেবে তাদের বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ফেলে রেখে যাওয়া হয় বলেও অভিযোগ করেন আহতরা।
পরে প্রাণ বাঁচাতে তারা নদী পেরিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রবেশ করেন বলে জানান। সেখানে স্থানীয় কয়েকজন জেলে তাদের আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আব্দুল আলিম ও ইসমাইল হাসান বলেন, তারা ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার বাসিন্দা। তারা কোনো অপরাধ করে থাকলে ভারতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে তাদের দাবি, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করুক।
তারা আরও বলেন, তারা নিজ দেশে ফিরে যেতে চান। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। আহত দুই ভারতীয় নাগরিকের পরিচয়, তারা কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং গুলিবিদ্ধ হওয়ার প্রকৃত কারণ এসব বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, এমপিএইচ বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে।
ভোরের আকাশ/আ.র