সারাদেশে নিরাপদ পানি সরবরাহ করবে সরকার-জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বিএনপি'র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারাদেশে নিরাপদ পানি সরবরাহ করবে। পর্যায়ক্রমে জনক গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
কিন্তু সরকারি প্রকল্পের প্রতিটি টাকা সঠিকভাবে সদ্ব্যবহার করতে হবে।
তিনি বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয় বাড়ে, অপচয় হয় রাষ্ট্রের অর্থ। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে মাথায় রেখে প্রকল্প বাস্তবায়ন কাজ এগিয়ে নিতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাষীয়ালি-কৃষ্টপুর এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। দেশের কোনো অঞ্চলকেই উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হবে না। প্রতিটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোই সরকারের মূল লক্ষ্য। জুলাই সনদ ও ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নেও সরকার নিরলস কাজ করছে। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জেও দৃশ্যমান পরিবর্তন আসবে।
নিরাপদ পানি সরবরাহ বিষয়ে জোনায়েদ সাকি বলেন,নিরাপদ পানি পাওয়ার অধিকার সবার রয়েছে। সারাদেশে নিরাপদ পানি নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপনসহ বহুমুখী কার্যক্রম চলমান। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদী, নালা ও বৃষ্টির পানি ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সমন্বিত ব্যবহারের মাধ্যমেই বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধা দেওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদেরই নির্বাচন করা হবে। এতে কোনো ধরনের দলীয়করণ বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব যোগ্য নাগরিক পর্যায়ক্রমে সরকারি সুবিধার আওতায় আসবেন।
নাগরিক সেবার সার্বিক মানোন্নয়ন নিয়ে তিনি জানান, প্রতিটি নাগরিককে একটি একক ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবার জন্য একটি ইউনিক আইডি নিশ্চিত করা হবে, যা জাতীয় পরিচয়পত্রের (NID) নম্বরের ওপর ভিত্তি করেই শুরু হতে পারে। এটি বাস্তবায়ন হলে নাগরিক ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে সমাজে যে অপচর্চা ও প্রশাসনিক শিথিলতা তৈরি হয়েছে, তা সংস্কারে বর্তমান সরকার আন্তরিক। রাতারাতি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব না হলেও ধাপে ধাপে এসব সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জনগণের অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হানিফ, উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব