তেজগাঁওয়ে জেএমবির সদস্য সন্দেহে আটক ২৩

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পর মসজিদের দ্বিতীয় তলায় গোপন বৈঠক করার সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
ভোরের আকাশ/আ.র