আন্তর্জাতিক আদিবাসী দিবস
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা বের করা হয়। শনিবার (৯ আগস্ট) সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতশত নারী-পুরুষ অংশ নেন।
পরে খাগড়াপুর জেবিসি সেন্টারে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক সাথোয়াই অং মারমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাহাড়ি নেতা সুধাকর ত্রিপুরা, আকাশ ত্রিপুরা, জনত্তম চাকমা, সুজন চাকমা, জ্ঞানপ্রিয় চাকমা ও মনোতোষ ত্রিপুরা প্রমুখ।
দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসলেও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, পাহাড়িদের মূল দাবি এখন পাহাড় ও সমতলের পাহাড়িদের তাঁদের স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘ পুঞ্জীভূত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদারতা প্রত্যাশা করেন তারা। অন্যথায় দাবি আদায়ে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ভোরের আকাশ/মো.আ.