বেড়ায় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

পাবনার বেড়ায় বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজার বহিষ্কারকে কেন্দ্র করে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করেছে জেলা বিএনপি। তবে এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে পাবনা জেলা বিএনপির প্যাডে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়। জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারও বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেন, গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচি পালন করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন তিনি। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করেছেন বলেও দাবি করেন তিনি।
মঈন উদ্দীন খাজার ভাষ্য, ১৮, ১৯ ও ২০ নভেম্বর পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বেড়ায় আসেননি। ২১ নভেম্বর তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে বেড়া উপজেলায় আসেন। এর আগে আন্দোলন ঠেকাতে তাঁদের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রতিবাদ করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারও পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব।’
এদিকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর রোববার রাতেই মঈন উদ্দীন খাজার সমর্থক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেড়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে তাঁরা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
ভোরের আকাশ/জেআ