গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক স্বাধীন

বগুড়ায় হামলায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। পরিবারের আর্থিক সহায়তা ও মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গালিবের মা ইয়াসমিন খাতুনকে চাকরি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে হামলার ঘটনায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি বর্তমানে চরম শোক ও অসহায়ত্বের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
এ অবস্থায় পরিবারটির আর্থিক সংকট কিছুটা লাঘব এবং ইয়াসমিন খাতুনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে বগুড়া সিটি করপোরেশন।
অনুষ্ঠানে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো সিটি করপোরেশনের মানবিক দায়িত্ব। তাঁর মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে।
এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ