চাঁপাইনবাবগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

অপহরণের ৩৫ ঘণ্টার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজিয়ারা বেগম ও তার স্বামী মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশ সুপার জানান, গত ২১ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রাম থেকে শিশু নাফিজকে অপহরণ করা হয়। শিশুটির প্রতিবন্ধী স্বজন তাকে নিয়ে কেক কিনতে বাজারে যাওয়ার পথে বোরকা পরা এক নারী শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর শিশুটির বাবা মো. রুবেল হোসেন শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজিয়ারা বেগম নামে এক নারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, শিশুটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শিবতলা মোড় এলাকায় তাদের ভাড়া বাসায় তার স্বামী মনিরুজ্জামানের কাছে রয়েছে।
পরে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে ওই বাসা থেকে শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, অপহরণের মাত্র ৩৫ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। পরে উদ্ধার হওয়া শিশু নাফিজকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/সু.পা