বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার ও ভিডিপির রেঞ্জ কমান্ডার

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বরিশাল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)।
বুধবার সকাল ১১টায় বরিশাল মহানগরের শংকরমঠ ও রামকৃষ্ণ সাবজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং মণ্ডপ কমিটির হাতে উপহার সামগ্রী তুলে দেন।
দুর্গোৎসবের নিরাপত্তায় বরিশাল জেলায় ৬২৫টি পূজা মণ্ডপে ৪ হাজার ৮৪ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরো বরিশাল বিভাগে ১ হাজার ৬৫৫টি মণ্ডপে দায়িত্ব পালন করছেন ১০ হাজার ৭৮২ জন সদস্য।
রেঞ্জ কমান্ডার মাে. আব্দুস সামাদ জানান, মহাপরিচালকের নির্দেশনায় আনসার বাহিনী ২৪ ঘণ্টা ডিউটি পালন করছে। সদস্যরা ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া আনসার ব্যাটালিয়ন ৬টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিম টহল কার্যক্রম চালানোর পাশাপাশি যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আনসার ও ভিডিপি সবসময় জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হবে।”
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মােঃ নাহিদ হাসান জনি, বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, উপজেলা প্রশিক্ষক মো. আমিনুল ইসলামসহ আনসার বাহিনীর অন্যান্য সদস্যরা।
ভোরের আকাশ/জাআ