শ্রীপুরে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তর পাড়া গ্রামের পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে প্রতিবেশীরা পুকুরের পাড়ে মরদেহটি পরে থাকতে দেখে থানায় খবর দেন।
সবুজ মিয়া মৃত আবুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, তিনি মোবাইলে জুয়া খেলায় আসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে মাদক সেবন করতেন। স্থানীয় কিছু বখাটে যুবকের সংস্পর্শে এসে তিনি নেশায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের।
সবুজের স্ত্রী জানান, এলাকার কিছু বখাটেদের সাথে মিশে সবুজ অনলাইন জুয়া ও নেশায় আসক্ত হয়। গত রাতেও এদের সাথে বাইরে যায়। কিন্তু রাতে বাড়িতে ফিরে আসেনি। এমন মাঝে মধ্যেই করে। ওই বখাটেরাই সবুজকে খুন করেছে।
শ্রীপুর থানার উপ পরিদর্শক, রাখার দেবনাথ জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার সময় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি৷ শরীরে কোন আঘাতের চিহ্ন পাইনি৷ ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠাচ্ছি। তদন্ত শেষে আইনি প্রক্রিয়া শুরু হবে৷
শ্রীপুর থানার ওসি মহম্মদ শাহিনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
ভোরের আকাশ/আ.র