শিক্ষার্থীদের অপরাধ থেকে দূরে রাখতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ

পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আইন, অপরাধ ও সামাজিক সচেতনতার বিষয়ে ধারণা দিতে স্কুলে স্কুলে যাচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে তিনি সরাসরি তাদের সঙ্গে মতবিনিময় করছেন।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৩১ আগস্ট) উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার একটি সচেতনতামূলক ক্লাস নেন ওসি মোহাম্মদ আবদুল্লাহ।
ক্লাসে তিনি কোন কোন কর্মকাণ্ড আইনত অপরাধ, অপরাধে জড়িয়ে পড়লে কী ধরনের পরিণতি হতে পারে এবং কোনো হয়রানি বা অপরাধের শিকার হলে কীভাবে আইনগত সহায়তা নেওয়া যায়—এসব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।
ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি আইন, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের সচেতন করা প্রয়োজন। সচেতনতা বাড়ানোর মাধ্যমে অনেক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবন ও সমাজ সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করায় তারা বিষয়গুলো সহজে বুঝতে পেরেছে।
সচেতনতামূলক ক্লাসে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, পাঠ্যবইয়ের বাইরে দৈনন্দিন জীবন ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে জানার সুযোগটি তাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল।
সংশ্লিষ্টদের মতে, কিশোর-কিশোরীদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ভোরের আকাশ/জেআ