বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশিকা অফিস-সংলগ্ন একটি নির্মাণাধীন দ্বিতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান দিনাজপুরের কাহারোল উপজেলার চক মহরম কালিতলা গ্রামের বাবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রশিকা অফিস-সংলগ্ন নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন রায়হান। একপর্যায়ে দ্বিতীয় তলা থেকে রড নিচে নামানোর সময় অসাবধানতাবশত রডটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নানা আব্দুল মোমিন জানান, রায়হানরা রাজমিস্ত্রির কাজ করছিলেন। ভবনের ওপর থাকা একটি রড নিচে নামানোর সময় রডটি বৈদ্যুতিক তারে লেগে যায়। ভবন থেকে প্রায় দুই থেকে আড়াই ফুট দূরে ওই বৈদ্যুতিক তার ছিল। সিঁড়ি দিয়ে রডটি নামানোর সময় তারের সঙ্গে লেগে গেলে রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় থাকার পর তিনি নিচে পড়ে যান।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, নিহতের বাবা তাঁর ছেলের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করেন। পরে মরদেহটি বিনা ময়নাতদন্তে তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ