মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১টায় স্থানীয় নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানের চেতনা দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রেরণা জোগায়। জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম।
তাঁরা আরও বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাজিত শক্তিই দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
সমাবেশ শেষে দুপুর ১২টায় নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
ভোরের আকাশ/রই