নাজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাঠিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।এতে জাকির হোসেন, মোশারেফ শেখ ও সারোয়ার শেখ এর পরিবারের বহু বছরের সঞ্চয়, আসবাপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনাটি উপজেলা প্রশাসন এর নজরে আসলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে নিজ কার্যালয়ে তিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা এবং জরুরি খাদ্যসহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, তিন পরিবারকে পুনর্বাসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।বরাদ্দ পাওয়া সাপেক্ষে ঢেউটিনসহ ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে পুনর্বাসন সহায়তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ভোরের আকাশ/জাআ