বাসাইলে দৈনিক ‘মজলুমের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’র ৩১ বছর পূর্তি ও ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বাসাইল প্রেসক্লাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি ও পত্রিকাটির উপজেলা প্রতিনিধি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়া বক্তব্য দেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বাসাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল আহমেদ ও বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।
এ সময় বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক মো. নাসির মিয়া, সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যকরী সদস্য আখতারুজ্জামান রিপন, শরিফুল ইসলাম মিয়া, সহদেব সূত্রধরসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা ‘মজলুমের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
সভায় বক্তারা বলেন, ৩১ বছর পেরিয়ে ৩২তম বর্ষে পদার্পণ করা ‘মজলুমের কণ্ঠ’ টাঙ্গাইলের একটি পাঠকপ্রিয় পত্রিকা। দীর্ঘ সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনগণের দোরগোড়ায় সঠিক তথ্য পৌঁছে দিতে পত্রিকাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোরের আকাশ/সু.পা